মামদানি থেকে এল সাইয়্যেদ: লিবারেলিজমের ধোঁকা

ইতোমধ্যে অনেককেই দেখলাম তারা নতুন ‘খলিফা’ পেয়ে গিয়েছেন। খলিফা না হলেও মোটামুটি ‘আমির’ ধরাই যায়। নাম তার আব্দুল এল সাইয়্যেদ। এর আগে একই ভালোবাসা পেয়েছিলেন নিউ ইয়র্কের প্রথম ‘মুসলিম’ মেয়র জোহরান মামদানি। ইসলামোফোব সিস্টেমে ভোটে জেতায় মামদানির মতো এই ভদ্রলোকও সেলিব্রেটেড হচ্ছেন।
এই সেলিব্রেশনের ভিত্তিতে নাকি আছে তাদের মুসলিম আইডেন্টিটি। এমন মন্তব্য করা ব্যক্তিগণ ইসলাম আর রাজনীতি– কোনটারই মূলপাঠ সম্পন্ন করেছেন কিনা তা নিয়ে আমার ঢেড় সন্দেহ। কেন বলছি, তাই ভাবছেন? উত্তরটা খোঁজার আগে একটু ইতিহাসে ঢুঁ মেরে আসি।
ইতিহাস ও রাজনীতির পাঠ
ইব্রাহিম গার্দিকে চেনেন? চেনার কথা না, আপনি তাকে কোনো দিন দেখেননি। এই লোকটা ছিল মারাঠা বাহিনীর সেনাপতি। তৃতীয় পানিপথের যুদ্ধে আহমেদ শাহ আবদালির দুর্রানির আফগান বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করেছিল এই ইব্রাহিম, নিজেকে ‘মুসলিম’ পরিচয়ই দিয়েই। আর আফগান ও তাদের মিত্র পক্ষের ৩০,০০০ মানুষকে ধ্বংস করে দেয় ইব্রাহিমের বাহিনী।
আতাতুর্কের নাম তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, মোস্তফা কামাল আতাতুর্ক, তুরষ্কের জাতির জনক। তিনিও কথিত ইসলামিক আইডেন্টিটি ‘ধারণ’ করতেন। আল্লাহ ও নবির কথাও বলতেন। যদিও পরবর্তীতে নাস্তিক হয়ে যাওয়ার ব্যাপারেও মতামত আছে। কিন্তু তিনি আসলে জীবনে করেছিলেনটা কী?
ব্রিটিশ লেখিকা গ্রেস এলিসনকে দেওয়া এক সাক্ষাৎকারে কট্টর সেক্যুলারিস্ট আতাতুর্ক বলেন, “যার নিজের শাসন বজায় রাখতে ধর্মের আশ্রয় নিতে হয়, সে একজন দুর্বল শাসক; এটি যেন তার জনগণকে ফাঁদে ফেলার মতো।” আর এরপর তিনি ধর্মকে ব্যক্তিগৎ পরিমন্ডলে আটকে রেখে তুরস্কে সেক্যুলারিজমের এমন এক ভিত্তি গড়ে দেন, যার শিকল থেকে আজও উসমানীয় ভূমি বের হয়ে আসতে পারেনি।
বারাক ওবামা? তিনিও মুসলিম পরিবার থেকেই এসেছেন, যদিও তিনি প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান। পুরো নাম বারাক হুসেন ওবামা। তার শাসনামলে ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে বিমান হামলা ও সামরিক অভিযান শুরু করে। তার পুরো দুই মেয়াদ জুড়েই আফগানিস্তানে তীব্র যুদ্ধ ও বিমান হামলা অব্যাহত ছিল। বাদ যায়নি লিবিয়া, ইয়েমেন, পাকিস্তান ও সোমালিয়া।
ওবামার মেয়াদকালে পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া ও আফগানিস্তানের বাইরে তার অনুমোদিত ৫৪২টি ড্রোন হামলায় আনুমানিক ৩,৭৯৭ থেকে ৩,৮০০ মানুষ নিহত হয়। এর মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা ছিল প্রায় ৩২৪ থেকে ১,০০০ এরও বেশি। আর পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়াতেই শত শত বেসামরিক শিশুসহ সাধারণ মানুষ প্রাণ হারায়।
ওবামার আমলের শেষ পর্যন্ত এই বিমান হামলাগুলোতে আনুমানিক কয়েক হাজার থেকে শুরু করে দীর্ঘমেয়াদে ১০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন স্বাধীন সংস্থায় দাবি করা হয়েছে। কিন্তু এই ওবামার জয়েও খুশি হয়েছিলেন হাজার হাজার মুসলিম।
যুগে যুগে এভাবে কথিত মুসলিম পরিচয় ধারণকারী বর্বর মানুষেরা গণহত্যা চালিয়েছে কিংবা ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেছে। রাজনীতির পাঠ থেকে এটা তো সুস্পষ্ট। ইসলাম কী বলে এ ব্যাপারে সেটায় পরে আসছি, আগে একটু মামদানি আর এল সাইয়্যেদকে দেখে আসি।
জোহরান মামদানি, নিউ ইয়র্কের প্রথম ‘মুসলিম’ মেয়র, মানে কথিত মুসলিম। এই বাম ডেমোক্র্যাট ২০২১ সালে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তার প্রথম অধিবেশনে তিনি স্টেটের ‘Walking While Trans’ নামে পরিচিত আইন বাতিলের জন্য লড়াই করেছিলেন। কিছু অংশ বাতিলও হয়। এমনকি মামদানি লিঙ্গ স্বীকৃতি আইন প্রণয়নের পেছনে কাজ করেছিলেন। এটিও পাস হয় এবং গভর্নর অ্যান্ড্রু কুওমো ২০২১ সালের জুনে এটি আইনে স্বাক্ষর করেন। এর ফলে অফিসিয়াল নথিতে লিঙ্গ পরিবর্তন করা সহজ হয়েছিল।
মামদানি স্পষ্ট করে ইন্সটাগ্রামের একটি পোস্টে লেখেন, “নিউ ইয়র্ক সিটি অবশ্যই LGBTQIA+ লোকেদের জন্য একটি আশ্রয়স্থল হতে হবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই ট্রান্স অধিকারের উপর ট্রাম্পের আক্রমণের কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছে।” এরই ধারাবাহিকতায় ২০২৫ এর অক্টোবরে তিনি ট্রান্স অ্যাক্টিভিস্ট সিলভিয়া রিভেরার গল্প বর্ণনা করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন এবং ট্রান্স ব্যক্তিদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন।
আর এল সাইয়্যেদ? তিনি এলজিবিটি সম্প্রদায়ের অধিকার আদায়ে সিনেটর হিসেবে সিংহের মতো কাজ করার ওয়াদা করেছেন। এমনকি ২০১৭ সালের প্রাইড ইভেন্টেও এলজিবিটির পক্ষে বক্তব্য দেন এবং তাদের জন্য লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এক সাক্ষাৎকারে সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সংস্কৃতি হলো মানুষ যে সিদ্ধান্ত বা পছন্দগুলো গ্রহণ করে, আর সাংবিধানিক অধিকার হলো সেই পছন্দ বা সিদ্ধান্তগুলো নিতে পারার সামর্থ্য বা স্বাধীনতা। মানুষ হিসেবে আপনি যেমন, সেভাবে বেঁচে থাকার এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতার পক্ষে আমি সবসময় লড়াই করে যাব।”
এরপর এল সাইয়্যেদ ব্যাপক সমর্থন অর্জন করেছেন এলজিবিটি গোষ্ঠীর কাছ থেকে। এমনকি নির্বাচনের আগে LGBTQIA+ for Abdul নামের সমকামী ও ট্রান্সেজেন্ডারদের একটি স্বেচ্ছাসেবী দল গড়ে ওঠে, যারা কিনা তাকে বিজয়ী করার জন্য ব্যাপক ক্যাম্পেইন চালায়।
এমনকি সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দেখা গিয়েছে এল সাইয়্যেদ ও জোহরান মামদানি হিন্দু ধর্মীয় উৎসব দিওয়ালী পালন করেছেন।
ইসলামের পাঠ
এবার চলুন, ইসলামের আয়নায় কিছু জিনিস দেখে আসি। কারণ আমাদের কাছে সকল বিবেচনা ও সিদ্ধান্তের মূল উৎস হলো ইসলাম। আল্লাহ সূরা আল-ইমরানে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম।” তো, যেহেতু আমি কোনো মুফতি বা পন্ডিত নই, তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিবো না। শুধু কুরআন-সুন্নাহর আলোকে কিছু প্রশ্ন তুলে ধরবো। উত্তর খুঁজে বের করবার দায়িত্ব সচেতন পাঠককেই পালন করতে হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিমকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী।” এই সহীহ হাদিসটি বুখারী ও মুসলিমসহ প্রায় ৬টি হাদিসের কিতাবে এসেছে। এখন বলুন তো, ইব্রাহিম গার্দি তাওহীদের পক্ষে থাকা মুসলিমদেরকে হত্যা করার পরে ইসলামী আইডেন্টিটি ধরে রাখতে পেরেছিলেন? আল্লাহর কাছে কি তিনি এই টাইটেল নিয়ে যেতে পেরেছেন?
এবার আসি আতাতুর্কের প্রসঙ্গে। সূরা আল-মায়িদাহে আল্লাহ বলেন, “যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফির।” একই সূরায় তিনি আরও বলেন, “তবে কি তারা জাহেলিয়াতের ফায়সালা কামনা করে? মুমিনদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফায়সালাকারী আর কে হতে পারে?” এরকম আরও অনেক আয়াত আছে।
এই আয়াতগুলোর উপর ভিত্তি করে লিজনা দায়েমাহ (সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড), ভারতের দারুল উলুম দেওবন্দ এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলারগণ ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর আইনের চেয়ে মানুষের তৈরি আইন উত্তম, কিংবা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা জায়েজ সে ব্যক্তি দ্বীন মুরতাদ হয়ে যাবে। তারা এটাও বলেছেন, সেক্যুলারিজম এমন একটি মতবাদ যা রাষ্ট্রীয় ও সামাজিক জীবন থেকে ধর্মকে উচ্ছেদ করতে চায়। ইসলামের রাজনৈতিক ও সামাজিক বিধানকে অস্বীকার করা স্পষ্ট কুফরি।
তাহলে মোস্তফা কামাল আতাতুর্ক কি ইসলামিক আইডেন্টিটি নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছিলেন?
একই ভাবে আমরা মামদানি বা এল সাইয়্যেদের কার্যক্রমকেও মাপতে চাই।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কাওমিয়া বাংলাদেশ-এর জাতীয় মুফতি বোর্ড কর্তৃক প্রণীত ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার ও ট্রান্সজেন্ডার মতবাদ, একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামের বিস্তারিত ফতোয়া ২০২৪ সালের ২১ মে জাতীয় মুফতি বোর্ড-এর সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়। ইতোমধ্যে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির বর্ণনাতেও বিপরীত লিঙ্গে রূপান্তর হওয়াকে ‘আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন’ (তাগয়ির খালকিল্লহ) হিসেবে গণ্য করা হয়েছে।
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি লুতের সম্প্রদায়ের কাজে লিপ্ত হবে তার প্রতি আল্লাহর অভিসম্পাত। যে ব্যক্তি লুতের সম্প্রদায়ের কাজে লিপ্ত হবে তার প্রতি আল্লাহর অভিসম্পাত।” এ কথা তিনি তিনবার বলেছেন। এই হাদিসটা মুসনাদে আহমাদে পাওয়া যায়।
তাহলে স্পষ্টত ট্রান্সজেন্ডারিজম কুফরি আর সমকামিতা হারাম। আর সমকামিতাকে যদি কেউ আইনিভাবে বৈধ করতে চায়, সে মূলত আল্লাহর বিধানকে বুড়ো আঙুল দেখালো। আমরা কিন্তু মামদানি আর এল সাইয়্যেদের কার্যকলাপেও একই প্রবণতা দেখেছি। তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে এলজিবিটিকে তারা অধিকার মনে করেন। এর মানে তারা হারাম বলে মানছেন না। পরিতাপের বিষয়, হারামকে হারাম না মনে করাও কুফরি।
তাহলে মামদানি কিংবা এল সাইয়্যেদ কি আসলেই ইসলামিক আইডেন্টিটি ধারণ করতে পেরেছেন? না, পারেননি। তবে তারা কাফির কিনা এই সিদ্ধান্তে আমি যাবো না।
আবার ভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নেওয়া বা কালচার পালন করাও কুফরি। রাসুল (স) বলেন, “যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে।” এই হাদিসটা সুনানে আবু দাউদে পাওয়া যায়। তাহলে এল সাইয়্যেদের সানন্দে দিওয়ালী পালনের পর কি ইসলামিক আইডেন্টিটি অক্ষুণ্ন থেকেছে?
এল সাইয়্যেদরা কি পারবেন?
অনেকেই মনে করেন এল সাইয়্যেদেরা আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তন করতে পারবেন। এই চিন্তা কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো এমনভাবেই গঠিত, যেখানে বিরোধী দল মিডটার্ম নির্বাচনে ভালো রেজাল্ট করে দেখাতে পারে। রিপাবলিক-ডেমোক্রেটদের এই লড়াই দশকের পর দশক ধরে চলছে, যেখানে প্রেসিডেন্ট নির্বাচনে একদল জিতে আসে, আবার কয়েক মাস পর বিরোধী তল তুমুল জনপ্রিয়তা পায়। কিন্তু এতে কোন সিস্টেম বদলেছে বা ইসলামের কী লাভ হয়েছে?
এখানে ব্যক্তি এল সাইয়্যেদেরা কিছুই করতে পারবে না। আর তারা কীই বা করবে? যেখানে এই মানুষগুলো এলজিবিটির মতো স্পর্শকাতর বিষয়গুলোর পক্ষে দাঁড়িয়েছে, সেখানে তারা ইসলামের কোনো কাজে আসতে পারে এই চিন্তা করাটাই তো নির্বুদ্ধিতা। তাছাড়া ডেমোক্রেটরা পুরোদস্তুর এলজিবিটি এজেন্ডার সাথে যুক্ত। ফলে যেকোনো ব্যক্তি ডেমোক্রেট পার্টিতে থাকলে তাকে নিঃসন্দেহে দলীয় এজেন্ডা সাথে নিয়েই চলতে হবে। যদিও রিপাবলিকদের মধ্যেও এলজিবিটির প্রতিনিধিত্বকারী পাওয়া যায়, তবে দলীয়ভাবে কট্টরপন্থা ডেমোক্রেটদের মধ্যেই সুস্পষ্ট।
আরও ইন্টারেস্টিং বিষয় হলো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জায়োনিজম এবং ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয়েরই দীর্ঘদিনের কাঠামোগত পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। ডেমোক্রেটরা তুলনামূলকভাবে লিবারেল বা মধ্যপন্থী ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করলেও, যখনই ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এসেছে, তখন রিপাবলিকানদের চেয়ে তারা এক চুলও পিছু হটেননি। একে অনেক সময় বলা হয় “লিবারেল জায়োনিজম”।
ওবামার ডেমোক্রেট প্রশাসন ২০১৬ সালে ইসরায়েলের সাথে ইতিহাসের বৃহত্তম সামরিক চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় পরবর্তী ১০ বছরে ইসরায়েলকে মোট ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইসরায়েলি সেনাবহরকে টিকিয়ে রাখতে ২০২৪ সালের আগস্ট মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অতিরিক্ত ২০ বিলিয়ন ডলারের অস্ত্র ও ফাইটার জেট বিক্রির অনুমোদন দেয়। তো, এমন দলের অংশ হয়ে এল সাইয়্যেদ কী পরিবর্তন আনবেন? হয় দল তাকেই বদলে ফেলবে, যদি তিনি আসলেই ইসরায়েলবিরোধী হন, আর না হলে বের করে দেওয়া হবে দল থেকে।
তো, বাস্তবিক অর্থে, এল সাইয়্যেদরা হলো দলের কাঠপুতলি। আপনি তাকে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলতে দেখে কিংবা তার স্ত্রীকে হিজাব পরতে দেখে ভাবছেন তারা ইসলামের পক্ষে কণ্ঠ তুলবেন, কিন্তু উল্টো দিকে আপনার এই ভুলোমনো মানসিকতাকেই পুঁজি করেই তারা ইসলামবিরোধী কর্মকাণ্ড করে যাবে। কখনো এটাকে নাম দেবে সাংবিধানিক অধিকার, কখনো বা নাম দিবে লিবারেলিজম। ভক্ত-সমর্থকদের মধ্যে কেউ কেউ বলবেন যে এটা ভূ-রাজনৈতিক কৌশল। ইমান বিক্রি করে দিয়ে কি কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে?
তবে সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? এই যে ডেমোক্রেট-রিপাবলিকের কথা বলছি, এই সিস্টেমটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। ফলে এই সিস্টেমের মধ্য থেকে যত বড় ‘মুসলিম’ রাজনীতিবিদই উঠে আসুক না কেন, তাকে দিয়ে ইসলামোফোবিয়াও যেমন দূর হবে না, তেমনি তার হাত ধরে পশিমের এজেন্ডার কবর রচনা হবে না। কারণ তারা প্রত্যেকেই বাই ডিফল্ট পশ্চিমাদের প্রিসাইজ করা ইসলামকে পালন করে, যে ইসলামের সাথে রাসুল (স) এর ইসলামের হাজারো তফাৎ।
লিবারেলিজমের ধোঁকা বা সেক্যুলারিজমের ফ্রেম নিয়ে চূড়ান্ত কিছু কথা বলি। যুক্তরাষ্ট্রের ডলারে লেখা ‘In God we trust’। কিন্তু এই দেশটি থেকে এককভাবে সর্বোচ্চ পরিমাণ পরিমাণ পর্নোগ্রাফি উৎপাদিত হয়। অর্থাৎ, ধর্ম এখানে মুখের কথাতেই আছে, আছে ব্যক্তি পর্যায়ে। সামাজিক পর্যায়েও ততটুকু পালন করতে পারবেন, যতটুকু মুসলিম সম্প্রদায় হিসেবে পালন করা হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়। রাষ্ট্রে ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না।
দেখুন, লিবারেলিজম বা সেক্যুলারিজম নিজেই কুফরি বা ধর্মহীনতা। ইসলাম যদি কেবল ব্যক্তিজীবনের চার দেয়ালের গণ্ডিতে কিংবা মসজিদে সীমাবদ্ধ থাকে এবং সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিসর থেকে তাকে বিদায় করে দেওয়া হয়, তবে ইসলামের সিংহভাগ বিধানই অর্থহীন হয়ে পড়ে। জাকাত আদায়, ইনসাফ প্রতিষ্ঠা, জিহাদ এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মতো মৌলিক নির্দেশগুলো তখন আর বাস্তবায়নের সুযোগ পায় না।
অর্থাৎ, রাষ্ট্রীয় জীবন থেকে ধর্মকে সরিয়ে দিলে ইসলাম কেবল কঙ্কালসার অবয়বে বেঁচে থাকে, যার প্রাণটুকুই কেড়ে নেওয়া হয়েছে। বাস্তবতার নিরিখে দেখা যায়, অন্যান্য ধর্ম সেক্যুলারিজমের এই ধারণার সাথে যত সহজে আপস করতে পারে, ইসলামের ক্ষেত্রে এর বিরোধিতার মাত্রা ততটাই তীব্র। কারণ ইসলাম কেবল ব্যক্তিগত বিশ্বাসের সমষ্টি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে ইসলামোফোবেরা ধর্মনিরপেক্ষতাকে ইসলাম দমনের সুচতুর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ফলে এল সাইয়্যেদ বা জোহরান মামদানিরা যদি সত্যিকারের মুসলিমও হতেন, তবুও এই সিস্টেমের মধ্যে থেকে মুসলিমদের জন্য কিছুই করতে পারতেন না। কারণ খেলার মাঠ যখন সাজানো থাকে প্রতিপক্ষের ডিজাইনে, তখন আপনি সেখানে গোল দিয়ে জিতে আসতে পারবেন না। উপরন্তু, এই সিস্টেমে যারা প্রবেশ করেন, তারাও পুরোদস্তুর লিবারেল হয়েই বের হয়ে আসেন।
শেষ আর্জি
পরিশেষে এসে বলব, আমাদের এই আত্মঘাতী মোহ থেকে বেরিয়ে আসার সময় এসেছে। যখনি কুফফার রাষ্ট্রে বসে মুসলিম নামধারী কেউ সামান্য দুনিয়াবী সফলতা পান, তখনই আমাদের আবেগপ্রবণ সমাজ আদর্শিক দেউলিয়াত্ব প্রকাশ করে দিয়ে তাকে নিয়ে উল্লাস শুরু করে। অথচ আমরা একবারও ভেবে দেখি না যে, যে খেলার নিয়ম তৈরি করেছে অন্যপক্ষ, সেই খেলায় বিজয়ীর তালিকায় নাম লেখানোর মানেই খেলার মূল শর্তগুলোর কাছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, মামদানিদের নিয়ে উচ্ছ্বাস আসলে আমাদের রাজনৈতিক দূরদর্শিতার চরম অভাব এবং কাঠামোগত রাজনীতির অজ্ঞতারই পরিচায়ক।
যে ব্যক্তি বা শক্তিকে টিকে থাকার জন্যই আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করতে হয়, সে কীভাবে উম্মাহর মুক্তির প্রতীক হতে পারে? আজকের দিনে ‘মডারেট ইসলাম’কে সাদরে গ্রহণ করে আমরা নিজেরাই নিজেদের শিকড় কেটে দিচ্ছি। নামের আগে ‘মুসলিম’ তকমা সাঁটলেই যদি ইসলাম বিজয়ী হয়ে যেত, তবে ঔপনিবেশিক শক্তির দালাল শাসকরা বিগত শতাব্দীতে মুসলিম বিশ্বে যে ক্ষত তৈরি করেছে, তার ব্যাখ্যা কী হতো?
তাই, ভাসাভাসা আবেগ আর প্রতীকি বিজয়ের ফাঁদ থেকে বেরিয়ে আমাদের ফিরে আসতে হবে ইসলামসম্মত প্রকৃত রাজনৈতিক ও তাত্ত্বিক সচেতনতায়। উম্মাহর মুক্তি কোনো সেক্যুলার ব্যালট বাক্স বা পশ্চিমা পার্লামেন্টের ভেতর থেকে আসবে না। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা নিজেদের আদর্শিক ভিত্তি, ইমানের খাঁটি মানদণ্ড এবং ইসলামের রাজনৈতিক দর্শনকে বিসর্জন দিয়ে অন্যের বানানো ছকে নিজেদের সফলতা খুঁজতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধোঁকা চলতেই থাকবে।
প্রয়োজন আত্মশুদ্ধি, সুদৃঢ় তাত্ত্বিক অবস্থান এবং কাঠামোগত গোলামি থেকে মুক্তির সাহসী ঘোষণা। লিবারেলিজমের রঙিন মোড়কে মোড়ানো এই বিষাক্ত সংস্কৃতির পেছনের ষড়যন্ত্র অনুধাবন করতে না পারলে, আমাদের প্রজন্ম বারবার এই চোরাবালিতেই পা দেবে। সুতরাং, অন্ধ আবেগ ঝেড়ে ফেলে ইমান ও বুদ্ধিবৃত্তিক সততার সাথে সত্যকে চেনার সময় এখনই। খেলা যখন প্রতিপক্ষের মাঠে এবং রেফারিও যখন প্রতিপক্ষের পকেটে, তখন নিয়মতান্ত্রিকভাবে জয়ের আশা বাদ দিয়ে ইমান-আকীদাহকে রক্ষা করে বিপ্লবের পথ ধরাই প্রকৃত বুদ্ধিমত্তা।




