প্রোপাগান্ডাসমসাময়িক

ভূমিকম্পে কি আফগান নারীরা অবহেলিত?

প্রোপাগান্ডা, সমালোচনা এবং আমাদের করণীয়

আফগানিস্তানে সম্প্রতি তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। ইতোমধ্যেই পরপর চারবার কুনার প্রদেশটি এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। মারাত্মক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। সবাই যখন হতবাক এবং শোকাহত, তখন এই সুযোগে মিডিয়া নেমে পড়লো তাদের পুরানো ন্যারেটিভ প্রচারের কাজে। আর তা হলো-তালিবান সরকারের ব্যর্থতা। ভূমিকম্পে আহত নারীরা নাকি সেবা পাচ্ছে না এবং আটকে পড়া নারীদেরকে কেউ উদ্ধার করতে আসছে না। আসলেই কি এটি সত্য? চলুন, আমরা আজ পোস্টমর্টেম করি।

শুরুটা যেখান থেকে

নাটের গুরু হিসেবে সামনে আসে নিউ ইয়র্ক টাইমস। তারা After Afghan Quake, Many Male Rescuers Helped Men but Not Women একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি প্রকাশের পেছনে মূল ভূমিকা রাখেন সাংবাদিক ফাতিমা ফাইজি, যিনি ২০১৭ সাল থেকে আফগানিস্তানে সাংবাদিকতা করে যাচ্ছেন।

ভূমিকম্পে কি আফগান নারীরা অবহেলিত?

এরপর আসে আরেক খেলোয়াড়, নাম ফাতেমেহ রেজাই, যিনি ডিডব্লিউকে বলেন, “পরিবারের পুরুষ সদস্যরা (আফগানিস্তানে) অপরিচিতদের তাদের নারী বা মেয়েদেরকে দেখতে দেয় না। এমনকি তারা (পুরুষেরা) চায়ও না অপরিচিতরা তাদেরকে (নারীদেরকে) সহায়তা করুক।” ফাতেমেহর কথার উপর ভিত্তি করে সাংবাদিক শবনম ভন হেইন খুব সুন্দর করে Afghanistan quake: Why are women struggling to get help? শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেন।

তারপর কী হয়? Zoom Bangla News, Hindustan Times, The Daily Star এবং Dhaka Post সহ বহু দেশী-বিদেশী গণমাধ্যম ফলাও করে আধা বাস্তবতার তথ্য সুকৌশলে তুলে ধরতে থাকে। ফেসবুকও গরম হয়, ব্যাপক সমালোচনাও হয়।

মিডিয়ার চতুরতা

প্রথমেই বলেছি যে ফাতিমা ফাইজি প্রায় ৮ বছর যাবৎ পশ্চিমা এজেন্ট হিসেবে আফগানিস্তানে সাংবাদিকতা করছেন, যা তার পুরানো প্রতিবেদনগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায়। তো সেই মানসিকতার ধারাবাহিকতায় তিনি দাবি করলেন যে কুনারে নারীদেরকে উদ্ধার করা হচ্ছে না।

ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নিউ ইয়র্ক টাইমসই ইরাকের কাছে বিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা ভিত্তি তৈরি করেছিল। এছাড়াও আফগানিস্তানে আমেরিকান মিলিটারির আগ্রাসনের পক্ষে তারা সামনের সারিতে থেকে ন্যারেটিভ তৈরি করেছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ইয়র্ক টাইমসই ইরাকের কাছে বিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা ভিত্তি তৈরি করেছিল। এছাড়াও আফগানিস্তানে আমেরিকান মিলিটারির আগ্রাসনের পক্ষে তারা সামনের সারিতে থেকে ন্যারেটিভ তৈরি করেছিল।

এবার চলুন, ফাতেমেহ রেজাই এবং শবনম ভন হেইনকে চেনা যাক। ফাতেমেহ রেজাই বর্তমানে Women’s, Gender, and Sexuality Studies (WGSS) বিষয়ে পড়ালেখা করছেন। তিনি কোনো প্রতিষ্ঠিত একাডেমিশিয়ান নন। সুতরাং এরকম সংবেদনশীল ঘটনায় ডিডব্লিউ কোন তথ্যের ভিত্তিতে কীভাবে তার মতামতকে প্রাধান্য দিয়েছে তা সুস্পষ্ট নয়। ও, আরেকটা কথা, Gender and Sexuality Studies কিন্তু এলজিবিটিকিউ আন্দোলনের একটি বড় হাতিয়ার।

যাহোক, এবার আসি শবনম ভন হেইনের ব্যাপারে। এই নারী সাংবাদিক মূলত ইরান এবং আফগানিস্তান (পাশাপাশি দুটি দেশ) নিয়ে লেখালেখি করে থাকেন। আর আফগানিস্তান নিয়ে তার লেখার ভিত্তিই হলো তালিবানের তথাকথিত বর্বরতা। প্রতিটি ক্ষেত্রে তিনি বুঝাতে চান আফগান নাগরিকেরা ভালো নেই তালিবানের জুলুমের কারণে। তার লেখা এমনি দুটি প্রতিবেদন হলো How ‘safe’ is Afghanistan under the Taliban? এবং Afghan refugees in Iran: Deported to uncertainty, যেখানে তিনি সূক্ষ্মভাবে তালিবান সরকারকে এক রেখায় দোষারোপ করেছেন।

আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, প্রাকৃতিক দুর্যোগ যেখানে ঘটে, সেখানে স্বাভাবিকভাবেই নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হোক আফগানিস্তানে কিংবা যুক্তরাষ্ট্রে। তাছাড়াও কুনারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। কারণ তারা তাদের বাড়িতে ছিলেন এবং অধিকাংশ পুরুষ বাইরে কাজে ছিলেন।[1]Afghanistan quake leaves most vulnerable – women and girls – in dire situation. (Oct 11, 2023). The United Nations Sexual and Reproductive Health Agency. Retrieved September 7, 2025, from https://www.unfpa.org/news/afghanistan-quake-leaves-most-vulnerable-%E2%80%93-women-and-girls-%E2%80%93-dire-situation

উদ্ধারকর্মীদের অনেকেই ইতস্তত বোধ করেছেন উদ্ধার করতে, সেবা প্রদানের ক্ষেত্রেও এমন মানসিকতা দেখা গিয়েছে। কথাটা সত্য। কিন্তু এটা সাধারণ সময়ের কঠোর আইন (যেটা যৌক্তিক) মেনে চলার অভ্যাস এবং বছরের পর বছর ধরে চলে আসা মোরাল প্রাক্টিস (সম্মান প্রদর্শন) এর কারণে হয়েছে। হঠাৎ করে এমন সংবেদনশীল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে তাই ভুল হয়েছে। কিন্তু এটাকেই জুলুম বা অপরাধের মতো পর্যায়ে উপস্থাপন করেছে সাংবাদিকেরা।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। আর এবারের ভূমিকম্প ৪ বার আঘাত হেনেছে, প্রভাব পড়েছে পাকিস্তানেও। এমতাবস্থায় ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনায় না এনে শুধু আহত-নিহত পর্যালোচনা করে মিডিয়া কী প্রমাণ করতে চাইছে?

তাহলে যেখান থেকে চালাকিটা শুরু হয়েছে, সেখানেই হলুদ সাংবাদিকতা বা বিভ্রান্তির প্রশ্ন তোলার জায়গা রয়েছে। পুরো ব্যাপারটায় তালিবান সরকারের যৌক্তিক সমালোচনা করার জায়গা আছে (এ ব্যাপারে পরে আসছি)। কিন্তু গণমাধ্যমগুলো মোটেও যুক্তির ধার ধারেনি, বরং তারা পুরানো ফ্রেমিং দিয়েই চেরি পিকিং (সুবিধাজনক তথ্য বাছাই) এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়েছে।

নারীরা অবহেলিত নয়

কুনার মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারীরা বলছেন যে তারা চিকিৎসা সেবা পেতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। প্রদেশটির সাওকাই জেলার দেওয়াগাল উপত্যকার বাসিন্দা কামরুজানা বলেছেন যে দুর্যোগে তার পরিবারের পনেরো সদস্য ক্ষতিগ্রস্ত (নিহত ও আহত) হয়েছে। আরও অনেক মহিলা গুরুতর শারীরিক আঘাতের পাশাপাশি প্রিয়জনদের হারিয়েছেন। তবে অনেকেই এখন সন্তুষ্টি প্রকাশ করছেন যে তাদেরকে মহিলা চিকিৎসকগণ চিকিৎসা দিচ্ছেন।[2]Hope Amid Tragedy: Female Doctors Treat Women Injured in Kunar Quake, Tolonews, 4th Sep 2025 https://tolonews.com/afghanistan-195658

Read More...  তালিবান ও নারীদের লেখা বই নিয়ে মিডিয়ার প্রোপাগান্ডা

ক্ষতিগ্রস্ত এলাকার সক্রিয় স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা বলছেন যে আহত মহিলাদের চিকিৎসা শুরু হয়েছে এবং যাদের আরও চিকিৎসা সেবার প্রয়োজন তাদের অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।

ভূমিকম্পে কি আফগান নারীরা অবহেলিত?

ইউএনএফপিএ সাতটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য দল মোতায়েন করেছে। হেরাত প্রাদেশিক হাসপাতালেও কর্মীদের মোতায়েন করা হয়েছে, যেখানে আহতদের চিকিৎসা করা হচ্ছে এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য পরামর্শদাতারা পৌঁছেছেন। সাবান, অন্তর্বাস এবং মাসিক প্যাডের মতো সরঞ্জাম সম্বলিত ডিগনিটি কিটও বিতরণ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ প্রসব এবং প্রসবোত্তর মা এবং নবজাতকদের জন্য কম্বল, টারপলিন সরবরাহেরও পরিকল্পনা করা হয়েছে। [3]Afghanistan quake leaves most vulnerable – women and girls – in dire situation. (Oct 11, 2023). The United Nations Sexual and Reproductive Health Agency. Retrieved September 7, 2025, from https://www.unfpa.org/news/afghanistan-quake-leaves-most-vulnerable-%E2%80%93-women-and-girls-%E2%80%93-dire-situation

সকল আহতদের পরিবহনের জন্য ১৫টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৬টি মোবাইল স্বাস্থ্য দল কাজ করছে, যারা প্রাথমিক চিকিৎসা, বহির্বিভাগীয় চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে। অর্থাৎ বিশেষ দলগুলো নারীদেরকে নিয়ে কাজ করছে।[4]WHO. (Sep 3, 2025). WHO steps up response to meet rising health needs after earthquake in Eastern Afghanistan. World Health Organization – Regional Office for the Eastern Mediterranean. Retrieved September 7, 2025, from https://www.emro.who.int/afg/afghanistan-news/who-steps-up-response-to-meet-rising-health-needs-after-earthquake-in-eastern-afghanistan.html

যদিও এই কাজগুলোতে ঘাটতি রয়েছে, তবে তা মোটেও চতুর মিডিয়ার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাসিন্দারা তালিবানদের কাছে জরুরিভাবে আবেদন করেছেন যে জীবন রক্ষাকারী সেবা প্রদানের জন্য মহিলা ডাক্তারদের ক্ষতিগ্রস্থ এলাকায় ভ্রমণের অনুমতি দেওয়া হোক। তালিবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ও পূর্বে স্বীকার করেছে যে বেশ কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশ মহিলা ডাক্তারের ঘাটতির সাথে লড়াই করছে, যার ফলে এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে।[5]Deadly Earthquake: Health Centers in Kunar and Nangarhar Face Shortage of Female Doctors, Hasht e Subh Daily, 1 Sep 2025 https://8am.media/eng/deadly-earthquake-health-centers-in-kunar-and-nangarhar-face-shortage-of-female-doctors/

ভূমিকম্পে কি আফগান নারীরা অবহেলিত?

সুতরাং, সমালোচনার জায়গা থাকলেও এ কথা সত্য যে নারীদেরকে যাচ্ছেতাইভাবে অবহেলা করা হচ্ছে না। বরং পুরো পরিস্থিতি খুবই করুণ এবং সংবেদনশীল, যা পশ্চিমা মিডিয়া নিরপেক্ষভাবে বর্ণনা করেনি।

সব শেয়াল একসাথে

এখন অনেকে না বুঝে প্রশ্ন করবে, “তাহলে সবাই যেসব বলছে, সেগুলো মিথ্যে?”। দেখুন, সব মিডিয়া একসাথে মিথ্যাচার করে এমন উদাহরণ বহু আছে। এটা জায়োনিস্টদের মাধ্যমে প্রথম ব্যাপক পরিসরে প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি বাংলাদেশেও আওয়ামী লীগের আমলে এরকম হলুদ সাংবাদিকতা আমরা দেখেছি। তো, এটা অসম্ভব কিছু না যে ভূ-রাজনৈতিক স্বার্থে মিডিয়া সুকৌশলে মিথ্যাচার করবে।

যাহোক, আফগানিস্তানের প্রসঙ্গে আসি। কথায় আছে, হাতি যখন গর্তে পরে চামচিকাও লাথি মারে। যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র ফেরত চাইলেও তালিবান সরকার তা দেয়নি, আন্তর্জাতিক আদালতকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ফেমিনিজমের মুখে সীলমোহর মেরে দিয়েছে। এতো অপমান, পরাজত আর গ্লানির প্রতিশোধ নিতে মরিয়া পশ্চিমাদের একাংশ। তারই প্রভাব হলো কয়েক দিন পরপর নতুন নতুন আলাপ এনে তালিবান সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা।

প্রশ্ন হলো, গাযায় যখন মায়েরা শহিদ হয়, আরাকানে যখন বোনেরা ধর্ষিত হয়, তখন একই গণমাধ্যম কেন চুপ থাকে? শুধু তা-ই নয়, তালিবান সরকার আসার আগে যে গাযায় বহু নারী ধর্ষিত হয়েছে, তখন মোড়ল মিডিয়াগুলো কোনো কথাই বলেনি। কিন্তু এখন মাঝেমধ্যে জেগে ওঠার কারণ বুঝে নেওয়া যায়।

তালিবানের সমালোচনা

এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তালিবানের কি সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে। তবে সবকিছুকে পশ্চিমা চশমায় দেখার নাম সমালোচনা নয়। কয়েক ডজন বার আমরা দেখেছি যে আফগানিস্তান নিয়ে পশ্চিমা সমালোচনা এক রকম আর বাস্তব পরিস্থিতি আরেক রকম। যেমনঃ নারীরা নাকি পণ্য কেনাকাটা করতে পারে না, মেয়েদের জোরপূর্বক বিয়েতে তালিবান নাকি নিশ্চুপ থাকে ইত্যাদি।

ভূমিকম্পে কি আফগান নারীরা অবহেলিত?
Afghan Taliban’s acting Minister of Defense Mullah Mohammad Yaqoob attends the first-anniversary ceremony of the takeover of Kabul by the Taliban in Kabul, Afghanistan, August 15, 2022. REUTERS/Ali Khara
সমালোচনাটা যখন হয় পলিসি বা কাজের পরিবর্তে ইসলাম যুক্ত থাকার কারণে, তখন সেটা আসলে এক ধরণের অপতৎপরতা। আপনি স্বাস্থ্যখাত নিয়ে জেনে ব্যক্তিগত বিশ্লেষণ বর্ণনা করতে পারেন, নারী চিকিৎসকের পর্যাপ্ততা নিয়ে যেকোনো সময় প্রশ্ন তুলতে পারেন, বলতে পারেন সমাধানের পথগুলো। সুস্থ কাঠামোর মধ্যে গঠনমূলক সমালোচনা আর জল ঘোলা করে ফেমিনিজমের পক্ষে বলা কিংবা শরিয়াহর বিরোধীতা করা এক জিনিস না।

শেষ কথা

আমাদেরকেও সংবেদনশীল বিষয়তে বিচক্ষণ হওয়া জরুরি। খাতি হাতে তর্ক না করে যুক্তি উপস্থাপন করা, তথ্যগুলো তুলে ধরা কিংবা অন্ধভক্তি থেকে বিরত থাকা-এরকম কয়েক হালি করণীয় আছে। এ লড়াই শুধু তর্কের না, এর বিস্তৃতি ব্যাপক। সেই সাথে আছে সঠিক পথ অনুসরণ করে সঠিক কথা বলতে পারার মতো সাহস।

Citation is loading...

Footnotes

Footnotes
1, 3 Afghanistan quake leaves most vulnerable – women and girls – in dire situation. (Oct 11, 2023). The United Nations Sexual and Reproductive Health Agency. Retrieved September 7, 2025, from https://www.unfpa.org/news/afghanistan-quake-leaves-most-vulnerable-%E2%80%93-women-and-girls-%E2%80%93-dire-situation
2 Hope Amid Tragedy: Female Doctors Treat Women Injured in Kunar Quake, Tolonews, 4th Sep 2025 https://tolonews.com/afghanistan-195658
4 WHO. (Sep 3, 2025). WHO steps up response to meet rising health needs after earthquake in Eastern Afghanistan. World Health Organization – Regional Office for the Eastern Mediterranean. Retrieved September 7, 2025, from https://www.emro.who.int/afg/afghanistan-news/who-steps-up-response-to-meet-rising-health-needs-after-earthquake-in-eastern-afghanistan.html
5 Deadly Earthquake: Health Centers in Kunar and Nangarhar Face Shortage of Female Doctors, Hasht e Subh Daily, 1 Sep 2025 https://8am.media/eng/deadly-earthquake-health-centers-in-kunar-and-nangarhar-face-shortage-of-female-doctors/
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button